সাড়ে সাত মাস পর কোভিড বিধি মেনে চালু লোকাল ট্রেন
দি নিউজ লায়ন ; কোভিড গাইডলাইন মেনে প্রায় সাড়ে সাত মাস পর ফের শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল মিলিয়ে মোট ৬৯৬ টি ট্রেন চলছে। এর মধ্যে ৮৫ শতাংশ ট্রেন চলছে অফিস টাইমে। বুধবার সকালের দিকে বিভিন্ন স্টেশনে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা কিছুটা বাড়ে। হাওড়া, শিয়ালদহ, বর্ধমান, খড়্গপুরের মত বড় স্টেশন গুলিতে যাত্রীদের ভিড় যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। যেমন স্টেশনগুলোতে লোকাল ট্রেন ঢ়োকার পর দ্রুত যাত্রীদের স্টেশন থেকে বের করে দিয়ে প্ল্যাটফর্ম ফাঁকা করে দেয়া হচ্ছে।
প্রতিটি ট্রেন ঢোকার পর প্ল্যাটফর্ম এবং ট্রেনের কামরা স্যানিটাইজ করা হচ্ছে। টিকিট কাউন্টার গুলিতে যাতে ভিড় নিয়ন্ত্রণে থাকে তার জন্য বাড়তি নজরদারি চলছে। দূরত্ব বিধি মেনে যাত্রীদের টিকেট কাটতে হচ্ছে। স্টেশনগুলোতে যাতে কেউ মাস্ক ছাড়া ঢুকতে না পারে তার জন্য স্টেশনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যেক রেল যাত্রীকে থার্মাল গান দিয়ে পরীক্ষা করে তারপর স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
বড় স্টেশন গুলির পাশাপাশি শহরতলির স্টেশন গুলিতেও রয়েছে রেল পুলিশ। স্টেশনের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। একসঙ্গে যাতে খুব বেশি লোক স্টেশনে ঢুকতে না পারে তার জন্য নজরদারি চালাচ্ছে পুলিশ। শহরতলীর স্টেশনগুলিতে অফিস টাইমে কিছুটা ভিড় চোখে পড়লেও তবে তা কখনোই নিয়ন্ত্রণের বাইরে যায়নি। টিকিট কাউন্টার গুলিতে বেশকিছু স্টেশনে লম্বা লাইন দেখতে পাওয়া যায় এদিন।
ট্রেনের ভিতরেও কোভিড বিধি সংক্রান্ত বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে। একটি করে আসন ছেড়ে যাত্রীদের বসতে হচ্ছে। তবে বেশিরভাগ যাত্রী নির্দেশিকা মেনে চললে কিছু যাত্রীর বেপরোয়া মনোভাবও এদিনও দেখা দিয়েছে অনেকে দেখা গিয়েছে ঠিকমতো মাস্ক ব্যবহার না করতে। ট্রেনের কামরায় একটি আসনে তিনজন এমনকি চারজন পর্যন্ত বসে যাচ্ছেন এমন ছবিও ধরা পড়েছে কিছু কিছু ট্রেনে।
অনেকে আবার ট্রেনের গেটে দাঁড়িয়ে ঘেঁষাঘেঁষি করে যাচ্ছেন এমন ছবিও দেখা গিয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,কিছু স্টেশনে অফিস টাইমে একটু বেশি ভিড় হলেও তা অস্বাভাবিক নয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্য প্রশাসন সমস্ত রকম ভাবে সহযোগিতা করছে ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়ানো যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।

Post a Comment